চাঁদপুরে মদ পান করে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর ও ব্যবসায়ী-ক্রেতাদের ওপর হামলার দায়ে বিএনপির নেতা শাহাদাত হোসেন হাওলাদারকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার বিকেলে আদালতের মাধ্যম তাকে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতার শাহাদাত হোসেন হাওলাদার শহরের কোড়ালিয়া রোডের কুদ্দুছ হাওলাদারেরর ছেলে। তিনি চাঁদপুর শহরের পৌর ৮ নম্বর ওয়ার্ডের বিএনপির সাধারণ সম্পাদক।
জানা গেছে, শনিবার রাতে শাহাদাত শহরের পালবাজারে মদ পান করে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর, ব্যবসায়ী ও ক্রেতাদের ওপর হামলা করেন। এ অবস্থায় ব্যবসায়ীরা অতিষ্ঠ হয়ে চাঁদপুর মডেল থানার ওসি মুহাম্মদ আব্দুর রশিদকে বিষয়টি অবগত করে। পরে মডেল থানার ওসির নির্দেশে চাঁদপুর শহরের নতুনবাজার পুলিশ ফাঁড়ির এসআই ইসমাইল হোসেন সঙ্গীয় ফোর্সসহ মদ্যপ অবস্থায় শাহাদাতকে গ্রেফতার করে চাঁদপুর মডেল থানায় নিয়ে যায়। পরে তাকে চাঁদপুর মডেল থানায় সোপর্দ করা হয়।
চাঁদপুর মডেল থানার ওসি মুহাম্মদ আবদুর রশিদ জানান, পালবাজারে মদ পান করে হামলা ও ভাঙচুরের ঘটনায় তাকে গ্রেফতার করা হয়েছে। রোববার বিকেলে আদালতের মাধ্যম তাকে কারাগারে পাঠানো হয়েছে।
#ডেইলি-বাংলাদেশ