নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত এলাকায় অবস্থিত বালিয়াদীঘী গণকবরে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে শহীদদের স্মরণে আলোক প্রজ্জ্বলন ও মোনাজাত করা হয়েছে। পরে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়ার আয়োজন করা হয়।
১৩ ডিসেম্বর রোববার রাতে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ বালিয়াদিঘী এলাকায় অবস্থিত গণকবরে এ কর্মসূচি পালিত হয়।
শিবগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে এনজিও ফোরামের সহযোগীতায় এতে অংশ নেন, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহম্মেদ শিমুল, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার তরিকুল আলম, শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম।
শিবগঞ্জ উপজেলা নির্বার্হী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিব আল রাব্বি, শিবগঞ্জ উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বজলার রশিদ সনু, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফরিদ হোসেনসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নের সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার এবং স্থানীয় মুক্তিযোদ্ধাগণ।
শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন শেষে দোয়া মাহফিলের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।