নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় সরকারি চাল বিতরণকে কেন্দ্র করে যোবায়ের হোসেন নামে একজনকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সোনাদিয়া ইউনিয়নের চরচেঙ্গা বাজারে এ ঘটনা ঘটে। এ সময় প্রতিপক্ষের হামলায় আরো অন্তত ৪জন আহত হয়। নিহত যোবায়ের সোনাদিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের আবু তাহেরের ছেলে।
অপরদিকে আহতরা হচ্ছেন- একই এলাকার যুবলীগ কর্মী মেহেদী হাসান, জীবন ও আজগর হোসেন রাজুসহ চারজন। তাদেরকে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সোনাদিয়া ইউনিয়নের চেয়ারম্যান নুরুল ইসলাম মালেশিয়ার উপস্থিতিতে সরকারি চাল বিতরণ চলছিল। এ সময় যোবায়ের, মেহেদিসহ যুবলীগের একটি পক্ষ চাল বিতরণে অনিয়মের অভিযোগ তুলে বাধা দেয়।
তারই জের ধরে চেয়ারম্যানের লোকজনের সাথে তাদের হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে চেয়ারম্যানের লোকজন এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে আহত করে বাধাদানকারীদের।
পরে তাদের উদ্ধার করে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক যোবায়েরকে মৃত ঘোষণা করেন। অপর আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
তবে অভিযোগের কথা অস্বীকার করে চেয়ারম্যান নুরুল ইসলাম মালেশিয়া বলেন, যোবায়েরসহ কিছু সন্ত্রাসী জেলেদের কাছ থেকে চাল চিনিয়ে নিতে গেলে স্থানীয় লোকজন একত্রিত হয়ে সন্ত্রাসীদের মারধরে। এখানে তিনি বা তার কোনো লোকজন জড়িত ছিল না।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, ‘চাল বিতরণকে কেন্দ্র করে হত্যা ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।’