পটুয়াখালীর দশমিনায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইয়ের মৃত্যুর অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২০ জুলাই) সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের চরহোসনাবাদ গ্রামে এ ঘটনায় নিহত মান্নান ফকির (৬০) একই এলাকার আঞ্জর আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শী সাব্বির হেসেন জানান, মানসিক ভারসম্যহীন ছোট ভাই ফারুক ফকির (৫৫) বাড়িতে আসা লোকজনদের সঙ্গে গালমন্দ ও খারাপ ব্যবহার করেন। তাই বড় ভাই নিহত মান্নান ফকির ছোট ভাই ফারুককে গালমন্দ করতে নিষেধ করেন এবং মানুষ তোকে মারবে বলে ভয় দেখায়। এ কথায় ছোট ভাই ফারুক ফকির ক্ষিপ্ত হয়ে দৌড়ে ঘর থেকে ছুরি এনে বলে আমিই যখন বাঁচবো না তাহলে তোকে বাঁচিয়ে রেখে লাভ কী এই বলে বড় ভাই মান্নান ফকিরকে এলোপাতারি ছুড়িকাঘাতে জখম করে। পরে স্থানীয় লোকজন দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা. খন্দকার সামছুর রহমান মান্নানকে মৃত ঘোষণা করেন।
দশমিনা থানার ওসি আনোয়ার হোসেন তালুকদার বলেন, খুনের ঘটনা সত্য। ঘটনার সঙ্গে জড়িত ছোট ভাই ফারুককে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার ও খুনের আলামত উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।