বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে জমিসহ ঘর পাচ্ছেন বরগুনার হতদরিদ্র, ভূমিহীন ও গৃহহীন পরিবার।
আগামী ২৩ জানুয়ারি জমির দলিলসহ ঘরের চাবি তাদেরকে হস্তান্তর করা হবে। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দুপুরে বরগুনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান বলেন, বরগুনার বিভিন্ন উপজেলায় ভূমিহীন, গৃহহীন, প্রতিবন্ধী, বিধবা, স্বামী পরিত্যক্তা ও অতিবৃদ্ধ ২৩২ টি পরিবারকে দুই শতক জমির দলিলসহ বাড়ির চাবি হস্তান্তর করা হবে। প্রতিটি সেমিপাকা বাড়িতে রয়েছে দুটি কক্ষ, একটি রান্নাঘর ও একটি বাথরুম। আরো থাকবে সুপেয় পানি ও বিদ্যুৎতের ব্যবস্থা।
আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় বরগুনায় জেলায় ৩ কোটি ৯৬ লক্ষ ৭২ হাজার টাকা ব্যয়ে ২৩২ টি বাড়ি প্রস্তুত করা হয়েছে। প্রতিটি বাড়ির নির্মাণ খরচ হয়েছে ১ লক্ষ ৭১ হাজার টাকা। এক টাকা প্রতীকি মূল্যে পরিবারগুলোকে হস্তান্তর করা হবে বাড়িসহ দুই শতক রেজিষ্ট্রিকৃত জমির দলিল, নামজারী, ডিসিআর ও ঘরের চাবি।
এ মতবিনিময়সভা ও সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মীসহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।