বগুড়ার গাবতলীতে জমি নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে আবদুর রহিম (৩৫) নামে এক যুবককে হত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার রামেশ্বরপুর ইউনিয়নের পাঁচকাতুলী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আবদুর রহিম গাবতলী উপজেলার রামেশ্বরপুর ইউনিয়নের মধ্যকাতুলী গ্রামের খোকা মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, এলাকায় আধিপত্য বিস্তার ও জমির মালিকানা নিয়ে রহিমের সঙ্গে গ্রামের মাসুদের মধ্যে বিরোধ চলে আসছিল। এর জের ধরে মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে মাসুদ ও তার ভাই আবদুর রাজ্জাক প্রতিবেশি আবদুর রহিমের উপর আক্রমণ চালায়।
ঘেরাও করার পর মাসুদ রহিমের শ্বাসনালীতে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত আবদুর রহিমকে উদ্ধার করে রাত ৯টার দিকে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মধ্যরাতে তিনি মারা যান।
গাবতলী থানার ওসি সিরাজুল ইসলাম জানান, মঙ্গলবার রাত থেকে আসামিদের গ্রেফতারে তাদের একাধিক টিম মাঠে রয়েছে। লাশ উদ্ধার করে একই হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।