মারাত্মক অর্থনৈতিক সংকটে রয়েছে শ্রীলঙ্কা। এরই মধ্যে জিনিসপত্রের দাম আকাশ ছুঁয়েছে। কয়েকটি হাসপাতালে এরই মধ্যে জরুরি স্বাস্থ্যসেবা বন্ধ হয়ে গেছে। তবে এভাবে চলতে থাকলে কয়েকদিনের মধ্যে দেশের সব হাসপাতালে এমন অবস্থা হবে বলে জানিয়েছে শ্রীলঙ্কার জাতীয় মেডিকেল অ্যাসোসিয়েশন।
দেশটির জাতীয় মেডিকেল অ্যাসোসিয়েশন বৃহস্পতিবার সতর্ক করে দিয়ে বলেছে যে, দেশের অর্থনৈতিক সংকটের কারণে ওষুধ এবং চিকিৎসা সরঞ্জামের গুরুতর ঘাটতি দেখা দিয়েছে। হাসপাতালগুলো আগামী কয়েক সপ্তাহে জরুরি পরিষেবা দিতেও অক্ষম হবে। এই ঘাটতি পূরণ করা না গেলে রোগীদের বিপর্যয়কর মৃত্যু ঘটবে। খবর এসোসিয়েট প্রেসের
শ্রীলঙ্কা কয়েক দশকের মধ্যে সবচেয়ে খারাপ অর্থনৈতিক সংকটের মুখোমুখি হয়েছে। জ্বালানি ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসের ঘাটতি দেখা দিয়েছে। দেশব্যাপী বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে এবং তার রাজনৈতিকভাবে শক্তিশালী পরিবার সমালোচনার মুখে পড়েছে।
শ্রীলঙ্কা মেডিক্যাল অ্যাসোসিয়েশন বৃহস্পতিবার রাজাপাকসেকে একটি চিঠি পাঠিয়ে বলেছে যে, হাসপাতালগুলো ইতিমধ্যেই রুটিন সার্জারির মতো পরিষেবা কমানোর সিদ্ধান্ত নিয়েছে এবং অনেক জীবন বিপন্ন অসুস্থতার চিকিৎসাও সীমিত করেছে।
স্বাস্থ্যকর্মীসহ হাজার হাজার মানুষ সংকটের সমাধান এবং অর্থনৈতিক অব্যবস্থাপনার জন্য রাজাপাকসের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করছে। শাসক দলের আইনপ্রণেতারা সম্ভাব্য সহিংসতা এড়াতে একটি অন্তর্বর্তী সরকার নিয়োগের আহ্বান জানিয়েছে। তবে এতে এখন পর্যন্ত কোনো আশার আলো দেখা যায়নি।
রাজাপাকসে এর আগে ঐক্য সরকার গঠনের প্রস্তাব দিলেও প্রধান বিরোধী দল এই ধারণা প্রত্যাখ্যান করেছে। মন্ত্রিসভার সদস্যরা পদত্যাগ করেছেন। দেশটিতে অর্থনৈতিক সংকট ধীরে ধীরে রাজনৈতিক সংকটে পরিণত হয়েছে।