শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পানির পাম্পের সামনে থেকে কাপড়ে মোড়ানো একটি নবজাতকের (মেয়ে) মৃতদেহ উদ্ধার করেছে শাহবাগ থানা পুলিশ।
বুধবার (৯ ডিসেম্বর) বিকালের দিকে মৃতদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. মোমেন।
তিনি জানান, বিকাল চারটার দিকে সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে কাপড়ে মোড়ানো অবস্থায় এক নবজাতকের (মেয়ে) মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তার আনুমানিক বয়স একদিন। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, গত শনিবার (৫ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের বিপরীতে ইঞ্জিনিয়ারিং স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে একটি নবজাতকের মৃতদেহ উদ্ধার করে একই থানার পুলিশ। এর আগে (২৮ অক্টোবর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পেছনের খোলা জায়গা থেকে প্রক্টরিয়াল টিমের সদস্যরা আরেকটি নবজাতকের মরদেহ উদ্ধার করেন।
শিশুদের নিয়ে কাজ করা বাংলাদেশ শিশু অধিকার ফোরামের তথ্য বলছে, চলতি বছরের জানুয়ারি থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত ২০টির মতো অজ্ঞাত পরিচয়ের মৃত নবজাতক রাস্তা/ডাস্টবিন বা ঝোপ থেকে উদ্ধার করা হয়েছে।