দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামানত হারিয়েছেন আলোচিত ইউটিউবার আশরাফুল আলম ওরফে হিরো আলম। নির্বাচনে তিনি বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে ডাব প্রতীকে অংশ নিয়েছিলেন।
এর আগে রোববার (৭ জানুয়ারি) সন্ধ্যায় নিজের অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দেন হিরো আলম।
নির্বাচন কমিশনের বিধিমালা অনুযায়ী, কোনো প্রার্থীকে মোট বৈধ ভোটের (কাস্টিং ভোট) আট ভাগের এক ভাগ থেকে অন্তত একটি ভোট বেশি পেতে হবে। না হলে ওই প্রার্থী জামানত হারাবেন।
কিন্তু নির্বাচনে হিরো আলম পেয়েছেন ২ হাজার ১৭৫ ভোট। অথচ জামানত রক্ষার জন্য তার প্রয়োজন ছিল ১২ হাজার ৭৬ ভোট।
এ আসনে নৌকা প্রতীকের রেজাউল করিম তানসেন ৪২ হাজার ৭৫৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক মোল্লা ৪০ হাজার ৬১৮ ভোট পেয়েছেন।
বগুড়া ৪-আসনে নৌকার প্রার্থীসহ ৬ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। এ আসনের ১১৪টি কেন্দ্রে ভোটার সংখ্যা ৩ লাখ ৪৪ হাজার ৫১৪ জন।