জামালপুর সদর উপজেলার শাহবাজপুর ইউনিয়নে চালককে শ্বাসরোধে হত্যা করে ভ্যানগাড়ি ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। রোববার (১০ এপ্রিল) মাটিখোলা গ্রামের একটি কবরস্থান থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
নিহত চালকের নাম শহিদুল ইসলাম (৪০)। তিনি শাহবাজপুর ইউনিয়নের পক্ষীমারি গ্রামের মৃত আফছর আলীর ছেলে এবং পেশায় একজন ভ্যানচালক ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার (৯ এপ্রিল) শহিদুল প্রতিদিনের মতো বাড়ি থেকে ইফতারের পর ভ্যান নিয়ে বের হন। রাত ৯টা পর্যন্ত স্থানীয় লোকজন তাকে ভ্যান নিয়ে শাহবাজপুর বাজারেই দেখেছেন। এরপর থেকে বাজারে তাকে আর দেখা যাচ্ছিল না।
রাতে তিনি বাড়িতেও ফিরে যাননি। পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজিও করেন। কিন্তু কোনো সন্ধান পাননি। রোববার সকালে স্থানীয় লোকজন মাটিখোলা গ্রামের একটি কবরস্থানে শহিদুলের মরদেহ দেখতে পান।
খবর পেয়ে রোববার দুপুর ১২টার দিকে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
জামালপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. রাসেল মিয়া বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তিকে শ্বাসরোধে হত্যা করে ভ্যান গাড়িটি ছিনতাই হয়েছে। এ ব্যাপারে বিভিন্ন বিষয় ধরে তদন্ত চলছে। দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের শনাক্ত করে গ্রেফতার করা হবে। মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।