জামালপুরের সরিষাবাড়ীতে মৌমাছির কামড়ে তারা মিয়া (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একই গ্রামের দুলাল (৪৫) ও নাথেরপাড়া গ্রামের রাসেল (৪০) আহত হয়েছেন।
সোমবার (৮ নভেম্বর) সকালে উপজেলার আওনা ইউনিয়নের তটনীআটা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত তারা মিয়া ওই গ্রামের মৃত আহেজ মণ্ডলের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য নুরুল ইসলাম জানান, সকালে তারা মিয়া বাড়ির পাশে নিজের পেঁয়াজ ক্ষেতে কাজ করছিলেন। এ সময় এলাকায় ছড়িয়ে পড়া মৌমাছির দল তাকে আক্রমণ করে। মৌমাছির এলোপাতাড়ি কামড়ে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।