সিলেটের জৈন্তাপুর থেকে চোরাচালানের মাধ্যমে আসা পিকআপ ভর্তি ১১২২ কেজি ভারতীয় চা পাতাসহ ফখরুল ইসলাম (২৪) নামে এক চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা-ডিবি।
শনিবার রাতে জৈন্তাপুরের লালাখাল সীমান্তবর্তী বারগাতি এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ওই যুবক জৈন্তাপুরের বাঘেরখাল দলইপাড়া এলাকার মাহমুদ আলীর ছেলে।
এ ঘটনায় জেলা গোয়েন্দা শাখা (উত্তর) এর এসআই নিতাই লাল রায় বাদী হয়ে জৈন্তাপুর মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও মিডিয়া) মো. লুৎফর রহমান জানান, পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে সীমান্ত এলাকায় চোরাচালান বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করো ডিবি। এরই ধারাবাহিকতায় চলমান বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চা পাতাসহ একজনকে গ্রেপ্তার করেছে ডিবি।
চোরাচালানের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।