জয়পুরহাট সদর উপজেলার ভাদসা ইউনিয়নের দিওর এলাকায় দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় মীর আব্দুল কুদ্দুস (৬৫) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার(১৬ই মার্চ) রাত ৯টার দিকে নেঙ্গাপীর -মঙ্গলবাড়ী সড়কে এ ঘটনা ঘটে। জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত মীর আব্দুল কুদ্দুস জয়পুরহাট সদর উপজেলার দিওর গ্রামের মৃত মীর আব্দুল হামিদের ছেলে।
(ওসি) আলমগীর জাহান জানান, আব্দুল কুদ্দুস নেঙ্গাপীর বাজার থেকে হেঁটে বাড়িতে ফিরছিলেন। এসময় হঠাৎ পেছন দিক থেকে একটি দ্রুতগামী মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আব্দুল কুদ্দুসকে ধাক্কা দেয়।
এতে তিনি গুরুত্বর আহত হয়ে অচেতন অবস্থায় রাস্তায় পড়ে থাকেন। স্থানীয় গ্রামবাসী দেখে তাকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।