শেরপুরের ঝিনাইগাতীতে পদোন্নতি জনিত কারণে বদলী হওয়া ইউএনও রুবেল মাহমুদকে বিদায় সংবর্ধনা ও নবাগত ইউএনও ফারুক আল মাসুদকে বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বুধবার (২৩ জুন) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে এ বিদায় সংবর্ধনা ও বরণ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা পরিষদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইম। এতে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোস্তফা কামালের সঞ্চালনায় সংবর্ধিত অতিথি হিসেবে বিদায়ী ইউএনও রুবেল মাহমুদ বক্তব্য রাখেন।
এ সময় তিনি বলেন, ‘দায়িত্ব পালনকালীন সময়ে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক মহল, জনপ্রতিনিধি, সাংবাদিক, সুধীজন, আলেম-উলামাসহ সর্বস্তরের মানুষের অকুণ্ঠ ভালোবাসা আর সহযোগিতা পেয়েছি। এই অঞ্চলের মানুষ অত্যন্ত সহজ-সরল প্রকৃতির এবং প্রশাসনের কাজে তারা সহযোগিতা করতে সদা প্রস্তুত।’
তিনি আরো বলেন, ‘দায়িত্ব পালনকালে জনগণের কল্যাণে কাজ করলে, ভালো কাজের স্বীকৃতিসরূপ জনগণ তাকে কখনও ভুলে না। এতে সরকারও ভালো কাজের মূল্যায়ন করে এবং তাদের পদোন্নতিও হয় ভালো। নবাগত ইউএনওকে এ অঞ্চলের মানুষের পাশে থেকে জনকল্যাণকর কাজ করার জন্য তিনি আহ্বান জানান।’
নবাগত ইউএনও ফারুক আল মাসুদ বলেন, ‘আমি ঝিনাইগাতীর উন্নয়নকে আরো গতিশীল ও সমৃদ্ধ করে এই পাহাড়ী জনপদের উন্নয়ন করতে চাই। এ জন্য সকলের সহযোগিতা কামনা করছি।’
উপজেলা চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইম বলেন, বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তার সততা, কর্মদক্ষতা ও নানা গুণে যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, যা ঝিনাইগাতীবাসীর নিকট চিরস্মরণীয় হয়ে থাকবে। তার বিদায়বেলা সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিসহ সর্বস্তরের মানুষ বিদায়ী ইউএনও’র কর্মের যথার্থ মূল্যায়ন করে যে ভালোবাসার বন্ধনে আবদ্ধ করে সম্মানিত করেছেন, তা সত্যিই আনন্দের।
তিনি আরো বলেন, সর্বস্তরের মানুষের ভালোবাসার মেলবন্ধন অটুট রাখতে হলে সবাইকে উন্মুক্ত মনে জনগণের কল্যাণ ও সার্বিক উন্নয়নে বিদায়ী ইউএনও’র মতো নিবেদিতভাবে কাজ করতে হবে। নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তাও ভালো কাজের মাধ্যমে জনগণের পাশে থাকবেন এবং এই অঞ্চলের উন্নয়নে কাজ করে অবশ্যই যোগ্যতার স্বাক্ষর রাখবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় আরও বক্তব্য দেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জয়নাল আবেদীন, কৃষি কর্মকর্তা মো. হুমায়ন কবির, উপজেলা প্রকৌশলী মো. মোজাম্মেল হক, ইউএইচও ডা. জসিম উদ্দিন প্রমুখ। পরে উপজেলা পরিষদের পক্ষ থেকে বিদায়ী ইউএনওকে সংবর্ধনা ও নবাগত ইউএনওকে বরণ করে নেওয়া হয়।