গাজীপুরের টঙ্গীতে চলন্ত মাইক্রোবাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। মঙ্গলবার (৭ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মুন্নু গেট এলাকায় এ ঘটনা ঘটে।
এক প্রত্যক্ষদর্শী জানান, গাজীপুর থেকে ঢাকাগামী একটি নোহা মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ ১৫-৫৭৫৭) মুন্নু গেট এলাকায় পৌঁছালে হঠাৎ বিকল হয়ে আগুন ধরে যায়।
এ সময় গাড়ির ভেতরে থাকা চালক ও যাত্রীরা দ্রুত নেমে আসে। অল্প সময়ের মধ্যে পুরো গাড়িটি পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
টঙ্গী ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর কবিরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গাড়ির ইঞ্জিনের প্লাগে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।