ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পঞ্চম ম্যাচে মুখোমুখি হয়েছে কলকাতা নাইট রাইডার্স ও মুম্বাই ইন্ডিয়ান্স। এই ম্যাচে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা দলের অধিনায়ক মরগান। চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে রাত ৮ টায় মাঠে গড়াবে এই ম্যাচ।
কলকাতার হয়ে প্রথম ম্যাচের মতো এই ম্যাচেও সুযোগ পেয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। যদিও প্রত্যাবর্তনে সাধারণ খেলা খেলেছেন সাকিব। বল হাতে চার ওভারে দেন ৩৪ রান, তবে নিজের প্রথম ওভারের প্রথম বলেই পেয়েছিলেন একটি উইকেট। পরে আর উইকেট না পেলেও ছিলেন ইকোনোমিক্যাল। অন্যদিকে, ব্যাটিংয়ে শেষ ওভারে নেমে খেলেন ৫ বল। ৫ বলে ৩ রান করে আউট হন তিনি।
আইপিএলে নিজেদের প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে জয় দিয়ে শুরু করেছে কলকাতা নাইট রাইডার্স। ১০ রানের জয় দিয়ে কলকাতা আইপিএল শুরু করলেও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের শুরুটা হয়েছে হার দিয়ে। বিরাট কোহলির দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে জিততে পারেনি রোহিত শর্মারা। তবে নিজেদের দ্বিতীয় ম্যাচে রোহিতরা জয়ের মুখ দেখতে মরিয়া। ধারাবাহিকতা ভাঙতে চাইবে না কলকাতাও।
তবে কলকাতার জন্য আজকের ম্যাচটি সহজ হচ্ছে না মোটেও। সানরাইজার্স থেকে ভয়ঙ্কর বোলিং আক্রমণ মুম্বাইয়ের। জসপ্রিত বুমরাহ-ট্রেন্ট বোল্টের গতি এবং আক্রমণের সামনে বেশ কঠিনই হবে কলকাতার ব্যাটসম্যানদের লড়াই।
তবে দুই দলের ম্যাচটিতে সবচেয়ে আকর্ষণীয় দিক হচ্ছে তরুণ প্রজন্মের লড়াই। নাইটদের ব্যাটিংয়ে নিতিশ-রাহুলের সঙ্গে বোলিংয়ে প্রসিদ্ধ কৃষ্ণ, বরুণ চক্রবর্তী আছেন। মুম্বাইয়ের তেমনই রয়েছেন সূর্যকুমার যাদব, ঈশান কিশান, ক্রুণাল পান্ডিয়ারা।