ঘরোয়া টি টোয়েন্টি আর ওয়ানডে টুর্নামেন্ট খেলায় আন্তর্জাতিক সিরিজের জন্য প্রস্তুত ক্রিকেটাররা দাবী বাংলাদেশের ফিল্ডিং কোচ রায়ান কুকের। ক্যাচিংয়ে আরো উন্নতির জায়গা রয়েছে বলে মনে করছেন তিনি। বোলিং এবং ব্যাটিং কোচকে ছাড়া দ্বিতীয় দিনের মত অনুশীলন করেছে টাইগাররা। সঙ্গে দুঃসংবাদ পারভেজ হোসেন ইমনের ইনজুরিতে ছিটকে যাওয়া।
নতুন মুখ হাসান মাহমুদ, শরিফুল ইসলামদের শারীরিকদের সক্ষমতা পরখ করে দেখছেন ফিজিও জুলিয়ান কালেফাতো। গ্লাভস হাতে নিঃসঙ্গ অনুশীলনে মুশফিকুর রহিম। দলগত ফিল্ডিং অনুশীলনে ব্যস্ত রায়ান কুক। মাহমুদউল্লাহ, সৌম্য সরকার, মিঠুনদের নিয়ে গ্রাউন্ড ফিল্ডিংয়ে কন্ডিশনিং কোচ নিক লি।
তাইজুল, মেহেদী হাসানদের নিয়ে সিরিয়াস একমাত্র দেশীয় কোচ সোহেল ইসলাম। কিন্তু বোলিং কোচ ওটিস গিবসন কিংবা ব্যাটিং কোচ জন লুইসের অভাব এককভাবে পূরন করতে হচ্ছে হেড কোচ রাসেল ডমিঙ্গোকে। এ দুজনের কোয়ারেন্টিন ইস্যুর সুরাহা এখনো হয়নি। তাতে সমস্যা দেখছেন না ফিল্ডিং কোচ। ক্রিকেটাররা খেলার মধ্যে থাকায় ওয়েস্ট ইন্ডিজ সিরিজকে সামনে রেখে অনেকটা নির্ভার এই প্রোটিয়া।
বাংলাদেশের ফিল্ডিং কোচ রায়ান কুক বলেন, ছেলেরা প্রস্তুতিমূলক টি টোয়েন্টি আর ওয়ানডে টুর্নামেন্ট খেলায় সবাই ছন্দে আছে। ওয়ানডে খেলাগুলো আমি দেখেছি। ওদের পারফরম্যান্সে সন্তুষ্ট। আন্তর্জাতিক সিরিজের জন্য ক্রিকেটাররা পুরোপুরি প্রস্তুত। অধিকাংশ ক্রিকেটারের ফিল্ডিংয়ে বাড়তি মনোযোগী হওয়াকে ইতিবাচক হিসেবে দেখছেন ফিল্ডিং কোচ।
বাংলাদেশের ফিল্ডিং কোচ বলেন, বেশিরভাগ ক্রিকেটাররা ফিল্ডিং ভালো করতে বাড়তি পরিশ্রম করছে। ক্যাচিং স্কিলে আরো উন্নতির জায়গা রয়েছে তবে থ্রোয়িং নিয়ে আমি খুশি। ম্যাচের ভাগ্য নির্ধারণে ফিল্ডিংয়ের গুরুত্ব মনে করিয়ে দিলেন রায়ান কুক।
রায়ান কুক বলেন, ক্রিকেটের যে কোন ফরম্যাটে ফিল্ডিং গুরুত্বপূর্ণ। ক্যাচিং, থ্রোয়িং, গ্রাউন্ড ফিল্ডিং ম্যাচে ব্যবধান গড়ে দেয়। দীর্ঘ বিরতির পর ফিল্ডিংয়ে চ্যালেঞ্জটা তাই আমাদের বেশিই থাকবে।
সিরিজ শুরুর আগেই দু:সংবাদ। তরুন তুর্কী পারভেজ হাসান ইমন বঙ্গবন্ধু কাপের পুরনো ইনজুরিতে ছিটকে গেছেন টুর্নামেন্ট থেকে। তবে বদলী হিসেবে কাউকে নিচ্ছে না বিসিবি।