শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, ২০১০ এর শিক্ষানীতির আলোকে নিম্ন মাধ্যমিক শিক্ষাকে অবৈতনিক অথবা স্বল্পমূল্যে দেওয়ার চেষ্টা করা হবে। টাকার জন্য কোনো শিক্ষার্থী যাতে নিম্ন মাধ্যমিক থেকে ঝরে না পড়ে, সেই প্রয়াস থাকবে আমাদের।
শনিবার এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইরাব) নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
নতুন কারিকুলামে পরীক্ষা থাকবে কিনা- এমন প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, আমি শিগগিরই বিশেষজ্ঞদের সঙ্গে বসে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেব। তবে মূল্যায়নটা এমনভাবে হওয়া উচিত, যেন কোনো শিক্ষার্থী ঝরে না পড়ে।
শিক্ষার প্রতিটি স্তরে যেকোনো অসংগতি বা অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট দফতর প্রধানদের জবাবদিহিতার আওতায় আনার তাগিদ দেন নওফেল। তিনি বলেন, সরাসরি উচ্চপর্যায়ে প্রশ্ন করা হলে সেখান থেকে স্বাভাবিকভাবে একটি ডিফেন্সিভ উত্তর দেওয়া হয়। ফলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের জবাবদিহিতা নিশ্চিত হয় না।
শিক্ষার তথ্যপ্রবাহ নিশ্চিত করতে তথ্য অধিকার আইনের মাধ্যমে আবেদন করার আহ্বান জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন- ইরাব সভাপতি অভিজিৎ ভট্টাচার্য, সাধারণ সম্পাদক আকতারুজ্জামান, যুগ্ম সম্পাদক নাজিউর রহমান সোহেল, আন্তর্জাতিক সম্পাদক নুর মোহাম্মদ, দফতর সম্পাদক সেলিম আহমেদ প্রমুখ।