সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় মাদক ব্যবসার টাকা ভাগাভাগির জেরে এক বন্ধু আরেক বন্ধুকে খুনের ঘটনা ঘটেছে। সোমবার রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার মান্নারগাও ইউনিয়নের কাটাখালী বাজারে এ ঘটনা ঘটে।
নিহত তাজুদ (৪০) আলী দোয়ারাবাজার উপজেলার মান্নারগাও ইউনিয়নের কাটাখালী আহমদ নগর গ্রামের মৃত আগন আলীর ছেলে।
জানা গেছে, মাদক ব্যবসার লেনদেনের টাকা নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে অপর ব্যবসায়ী বন্ধু সোহেল মিয়া ও তার সঙ্গীদের ধারালো ছুরির এলোপাতারি আঘাতে তাজুদ আলী গুরুতর আহত হন। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে রাত ১১ টায় চিকিৎসক তাকে (তাজুদ আলী) মৃত ঘোষণা করেন।
এদিকে ঘাতক সোহেল মিয়াকে (৩৫) সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আটক করেছে দোয়ারা থানা পুলিশ। সোহেল একই উপজেলার সুরমা ইউনিয়নের কদমতলী গ্রামের রিপাত আলীর ছেলে।
পুলিশ সূত্র জানায় যায়, নিহত তাজুদ আলী ও সোহেল দু’জন মিলে দীর্ঘদিন ধরে ভারত থেকে অবৈধভাবে নিয়ে আসা মদ ও গাজার ব্যবসা করত। সোহেলের ভগ্নিপতি লক্ষীপুর ইউনিয়নের নোয়াগাও গ্রামের মমশ্বর আলীর ছেলে সেলিম মিয়া ও সুরমা ইউপির কদমতলী গ্রামের আব্দুল খালিকের ছেলে জুয়েল মিয়ার সঙ্গে মূলত ব্যবসার টাকা নিয়ে বিরোধ চলে আসছিল তাজুদ আলীর। ঘটনার পর থেকে সেলিম ও জুয়েল পলাতক রয়েছে। আটক সোহেল এখন হাসপাতালে পুলিশ হেফাজতে রয়েছে।
এ বিষয়ে দোয়ারাবাজার ওসি দেব দুলাল ধর যুগান্তরকে হত্যাকাণ্ডের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।