টাঙ্গাইলে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪১৩ জন। এছাড়াও আরো সাত জনের মৃত্যু হয়েছে।
এদিকে শহর ছাড়াও প্রত্যন্ত গ্রাম অঞ্চলে ঘরে ঘরে জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। নমুনা দিলেই তাদের পজিটিভ আসছে। এতে গ্রাম পর্যায়ে সাধারণ মানুষের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে। জেলায় সামাজিক সংক্রমণ শুরু হয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন।
জেলা স্বাস্থ্যবিভাগ সূত্র জানায়, সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত ৭১৩ জনের নমুনা পরীক্ষা করে ৪১৩ জন আক্রান্ত বলে শনাক্ত হয়। আক্রান্তের হার ৫৭ দশমিক ৯২ শতাংশ। জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৯ হাজার ৪৪ জন। গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে পাঁচজন ও উপসর্গ নিয়ে দুই জনের মৃত্যু হয়েছে। জেলায় মোট মৃত্যু ১৩৫ জন।