টাঙ্গাইলে পুলিশের বাঁধার মুখে পূর্ব নির্ধারিত জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সম্মিলিত কর্মসূচী মিছিল সমাবেশ করতে পারেনি।
শনিবার দুপুরে তারা স্থান পরিবর্তন করে মিছিল বের করলে পুলিশ সেখানেও বাঁধা প্রদান করে এবং ব্যানার ছিনিয়ে নেয়।
এসময় পুলিশের সঙ্গে নেতাকর্মীদের মধ্যে ধস্তাধস্তি হয়। পরে অতিরিক্ত পুলিশ এসে তাদের ধাওয়া করলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। এসময় পুলিশ ৩জনকে আটক করে।
জেলা যুবদলের আহবায়ক আশরাফ পাহেলী বলেন, সারাদেশে দলীয় শান্তিপূর্ণ কর্মসূচীতে আওয়ামী ছাত্রলীগ দ্বারা হামলা, খুনের প্রতিবাদে টাঙ্গাইলে যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের ডাকে সম্মিলিতভাবে বিক্ষোভ সমাবেশের কর্মসূচী আহবান করা হয়। কিন্তু পুলিশ আমাদের শান্তিপূর্ণ কর্মসূচীতে বাঁধা প্রদান করে নেতাকর্মীদের লাঠিপেটা করে আহত করে এবং ব্যানার ছিনিয়ে নেয়।
এসময় যুবদল নেতা কামাল হোসেন, ওলামা মোস্তফা কামাল ও ছাত্রনেতা তৌহিদুল ইসলাম বাবুকে আটক করে নিয়ে যায়।
টাঙ্গাইল সদর থানার ওসি মীর মোশারফ হোসেন তিনজনকে আটকের বিষয়টি স্বীকার করে বলেন, তারা পুলিশের গাড়িতে হামলার চেষ্টা করেছিলো। তবে কাউকে আহত করা হয়নি বলে দাবি করেন তিনি।