টাঙ্গাইলে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে দুই চালক নিহত হয়েছেন। রোববার (২৪ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার সল্লা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। তাৎক্ষণিক হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) জ্বিলকদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের যাত্রীবাহী বাস ও ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী ট্রাক ঘটনাস্থলে পৌঁছালে সংঘর্ষ হয়। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপ ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে হানিফ বাসের চালক ও ট্রাকচালক ঘটনাস্থলে মারা যান। আহত হন ১০ জন। তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।