টাঙ্গাইল সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৬ নভেম্বর) ভোরে উপজেলার গোসাইজোয়াইর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন- মো. আইনউদ্দিন (৬৫) ও তার ছেলে আনোয়ার হোসেন (৩৩)। আইনউদ্দিন কৃষি কাজ করতেন ও আনোয়ার ব্যাটারিচালিত অটোরিকশা চালাতেন।
ঘারিন্দা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান তোফায়েল আহমেদ জানান, সোমবার (১৫ নভেম্বর) আনোয়ার নতুন একটি ব্যাটারিচালিত অটোরিকশা কেনেন। রাতে অটোরিকশাটি বাড়িতেই চার্জ দিয়ে রাখেন। ভোর চারটার দিকে অটোরিকশার চার্জ দেওয়া বন্ধ করতে সংযোগ খুলতে গেলে আনোয়ার বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় তিনি চিৎকার করলে তার বাবা আইনউদ্দিন গিয়ে বাঁচাতে স্পর্শ করলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। দুজনের আত্মচিৎকারে আনোয়ার হোসেনের মা দ্রুত বিদ্যুৎ সংযোগের মেইন লাইন বন্ধ করে দেন। পরে তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।