টাঙ্গাইলের দেলদুয়ারে ইব্রাহীম (২৮) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার ফাজিলহাটী ইউনিয়নের কামার নওগাঁ গ্রামে এ ঘটনা ঘটেছে। ইব্রাহীম ওই গ্রামের মো. আতোয়ার রহমানের ছেলে।
নিহতের পরিবার জানায়, মঙ্গলবার সন্ধ্যার পর থেকেই ইব্রাহীম বাড়িতে ছিলেন না। রাত ১১টার দিকে বাড়ির রাস্তার পাশে গলায় দড়ি বাঁধা অবস্থায় গাছে হেলান দেয়া বসা অবস্থায় তার লাশ পাওয়া যায়।
স্ত্রী আফিয়া বেগমের দাবি, রাতে কে বা কারা তার স্বামীকে হত্যা করে লাশ ফেলে রেখে গেছে।
দেলদুয়ার থানার সেকেন্ড অফিসার মনোয়ার হোসেন বলেন, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত বলা যাবে না ঘটনাটি হত্যা না আত্মহত্যা।