টাঙ্গাইলে করোনাভাইরাসে নিয়োজিত সেনাবাহিনীর টহল পরিদর্শন করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ।
মঙ্গলবার বেলা ১১টার দিকে টাঙ্গাইল জেলায় অপারেশন কোভিড শিল্ড সেনাবাহিনীর টহল কার্যক্রম পরিদর্শন করেন তিনি।
এ সময় টাঙ্গাইল শহরের নিরালা মোড় এলাকায় সাংবাদিকদের সেনাবাহিনী জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ বলেন, সবার প্রচেষ্টায় করোনা সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে। সবার সহযোগিতা পেয়ে খুবই খুশি হয়েছি।
তিনি বলেন, টাঙ্গাইলে করোনার পরিস্থিতি এখন উন্নতির দিকে। করোনার পরিস্থিতি বিবেচনা করে সরকার সিদ্ধান্ত নিয়েছে অন্তত আবারও লকডাউন শিথিল করা হচ্ছে। ফলে সেনাবাহিনীর পেট্রল কার্যক্রমও পুনর্বিন্যাস করা হবে।
তিনি আরও বলেন, করোনা পরিস্থিতি যদি আবার বিরাট আকার ধারণ করে এবং আবার সরকার যদি কঠোর লকডাউন ঘোষণা করে, তা হলে সেভাবে আবার সেনাবাহিনীর কার্যক্রম শুরু হবে। তবে এবার জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও জনপ্রতিনিধি নিয়ে সেনাবাহিনী ভালো কার্যক্রম চালিয়ে গেছে। সবার কাছ থেকে যে সহযোগিতা পেয়েছি, তাতে খুবই খুশি হয়েছি।
সেনাপ্রধান বলেন, যদি সবার এই সমন্বয় না থাকত, তা হলে করোনার পরিস্থিতি আরও খারাপ হতে পারত। তবে এখনও কিছুটা শঙ্কা আছে, তবে আশাবাদী আমরা সবাই একসঙ্গে কাজ করলে এবং জনগণ যদি সচেতন থাকে, তা হলে পরিস্থিতি অনেক ভালো হবে।
এর আগে সেনাবাহিনীর প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ শহরের নিরালা মোড় এলাকায় করোনাভাইরাস সংক্রমণ রোধে অসামরিক ও আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা প্রদানকারী ১৯ পদাতিক ডিভিশনের দায়িত্বরত সেনাসদস্যদের কার্যক্রম পরিদর্শন এবং তাদের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন ঘাটাইল শহীদ সালাউদ্দিন সেনানিবাসের জিওসি মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন, ৯৮ সংমিশ্রিত ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এসএম আসাদুল হক, টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, পৌর মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা প্রমুখ।