টাঙ্গাইলের কালিহাতীতে সেপটিক ট্যাংক থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার (৬ এপ্রিল) সকালে এলেঙ্গা পৌর এলাকার বাঁশি গ্রামের নিজ বাড়ির সেপটিক ট্যাংক থেকে চান মিয়া নামে ঐ ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী রাজিয়া বেগম ও তার বন্ধু হালিমকে আটক করেছে পুলিশ।
নিহতের পরিবার জানায়, শনিবার রাত থেকে নিখোঁজ ছিল চান মিয়া। এ ঘটনায় কালিহাতী থানায় সাধারণ ডায়েরিও করা হয়। সোমবার রাতে পরিবারের লোকজনের সন্দেহ হলে জিজ্ঞাসাবাদে স্বামীকে হত্যার কথা স্বীকার করে স্ত্রী রাজিয়া। হত্যার পর মরদেহ সেপটিক ট্যাংকে ফেলে দেয়া হয় বলেও জানায় সে।
কালিহাতী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) রাহেদুল ইসলাম জানান, খবর পেয়ে চাঁন মিয়ার নিজ বাড়ির সেপটিক ট্যাংক থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী রাজিয়া বেগম ও পরকীয়া প্রেমিক হালিমকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানোর প্রস্ততি চলছে।