নোয়াখালীর চাটখিলে টিকটক ভিডিও ধারণ করার সময় অসাবধানতাবশত গলায় ফাঁস লেগে সানজিদা আক্তার (১১) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৭ জুলাই) বিকেলে উপজেলার খিলপাড়া ইউনিয়নের শিবপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সানজিদা আক্তার (১১) শিবপুর গ্রামের মনজুরুল ইসলামের মেয়ে এবং স্থানীয় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী।
নিহতের পরিবারের সদস্যরা জানান, বিকেলে পরিবারের সকলের অজান্তে সানজিদা ঘরের আলমারির ওপর ওঠে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস নেবার টিকটক ভিডিও ধারণ করতে যায়। এ সময় অসাবধানতাবশত পা ফসকে আলমারি থেকে পড়ে গলায় ওড়না পেঁচিয়ে গেলে ফাঁস লেগে যায় তার। পরিবারের সদস্যরা দেখতে পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া চলছে।