বাংলাদেশে টিকা গ্রহীতাদের মধ্যে যারা করোনায় আক্রান্ত হয়েছিলেন, তাদের শরীরে চারগুণের বেশি অ্যান্টিবডি তৈরি হয়েছে। সরকারের রোগতত্ত্ব রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান—আইইডিসিআর ও আইসিডিডিআরবি’র যৌথ গবেষণায় এ তথ্য উঠে এসেছে।
বুধবার (১২মে) আইইডিসিআরের প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
আইইডিসিআর এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১২০ জন প্রথম ডোজ কোভিশিল্ড টিকা গ্রহণকারীর এক মাস পর ৯২ শতাংশ ও দুই মাস পর ৯৮ শতাংশ শরীরে অ্যান্টিবডি তৈরি হয়েছে। সব বয়সের টিকা গ্রহীতার শরীরে অ্যান্টিবডির উপস্থিতি পাওয়া গেছে। অন্যান্য অসুস্থতা থাকা বা না থাকার সাথে অ্যান্টিবডির উপস্থিতির তেমন পার্থক্য দেখা যায়নি। বলা হয়, এই গবেষণায় দেশের বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে ৬ হাজার ৩০০ টিকা গ্রহণকারীর মধ্যে টিকা নেয়ার পরবর্তী দুই বছর পর্যন্ত বিভিন্ন সময়ে রক্তে অ্যান্টিবডির উপস্থিতি পর্যালোচনা করা হবে।
গত ৭ ফেব্রুয়ারি দেশে গণ টিকাদান কর্মসূচি শুরু হয়। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত করোনার টিকা ‘কোভিশিল্ড’ নামে উৎপাদন করছে ভারতের সেরাম ইনস্টিটিউট। দেশে এখন পর্যন্ত একমাত্র এই টিকাই ব্যবহার করা হয়েছে।