রাজধানীর উত্তরা এলাকায় চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মো. রুবেল মিয়া (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৫ জুলাই) বিকেলে টাঙ্গাইল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন জানান, আটককৃত রুবেল তিন মাস ধরে ওই স্কুলছাত্রীর বাবার দোকানে চাকরি করতেন। তার বাবা একজন মুদিদোকানি এবং মাংস ব্যবসায়ী। মাঝে মধ্যে ভুক্তভোগীর মা ও বোন ওই দোকানে বসতেন।
ওসি মহসীন আরও জানান, দোকানের সঙ্গে ছিল তাদের (ভুক্তভোগীর) বাসা। রুবেল প্রতিদিনই সেই বাসায় যেতেন। ১২ জুলাই বকেয়া টাকা আদায়ে বাইরে যান ভুক্তভোগীর বাবা। বাবা বাইরে যাওয়ায় সেদিন দোকানে বসেছিলেন ভুক্তভোগীর মা ও বোন। আর এ সুযোগে টিভি দেখবে বলে বাসায় যান রুবেল। বাসায় স্কুলছাত্রীকে একা পেয়ে তাকে ধর্ষণ করেন।
পরে রাতে সবাই বাসায় ফিরলে ধর্ষণের শিকার মেয়েটি সব বলে দেয়। এটা জানতে পেরে রুবেল পালিয়ে টাঙ্গাইলে চলে যান। পরে মেয়েটির পরিবার থানায় মামলা করলে টাঙ্গাইল সদর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।