ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় আওয়ামী লীগের দুপক্ষের মধ্যে সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ৫ জন।
বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলা শহরের চৌগাছা বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
পৌরসভার টোল আদায়কে কেন্দ্র করে বুধবার (১৩ এপ্রিল) রাত থেকেই শহরে উত্তেজনা চলে আসছিল। তারই জের ধরে আজ বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। এদিকে পৌর এলাকায় আগে যারা টোল আদায় করতেন তাদের এবার টোল আদায় না করার কথা ছিল। কিন্তু গতকাল রাতে পৌর মেয়র আগের যারা টোল আদায় করতেন তাদেরকেই ইজারা দেন। এ কারণে ওই সংঘর্ষ হয়।
কোটচাঁদপুর থানার ওসি মো. মঈন উদ্দিন জানান, এ ঘটনায় দু’জনকে আটক করা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহত দুজনই সরকারি দলের সদস্য। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।