নাটোরের সিংড়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছেন।
শনিবার সকালে নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়ার ফেরিঘাট ব্রিজের পাশে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, নাটোর শহরের তেবাড়িয়া হালিমাতুস সাদিয়া মাদ্রাসার শিক্ষক খলিলুর রহমান ও বেলাল হোসেন। আহত অপর শিক্ষকের নাম আব্দুল হামিদ।
পুলিশ জানায়, মাদ্রাসার তিন শিক্ষক মোটরসাইকেল যোগে নাটোর থেকে বগুড়ার উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে পুরাতন ফেরিঘাট সংলগ্ন সিংড়া ব্রীজের পূর্ব পাশে একটি ট্রাক পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মাদ্রাসা শিক্ষক খলিলুর রহমান এবং বেলাল হোসেন মারা যান।
আহত অপর শিক্ষক আব্দুল হামিদকে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।