দেশের আর্থ-সামাজিক অবস্থাসহ নানাদিক বিবেচনায় নিয়ে চলমান কঠোর বিধিনিষেধ শিথিল করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। আজ রোববার (৮ আগস্ট) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
আগামী বুধবার (১১ আগস্ট) থেকে গণপরিবহন ছাড়াও ট্রেন চলাচল শুরু হবে। তবে ট্রেনের টিকিট বিক্রির ক্ষেত্রে সিদ্ধান্ত পরিবর্তন করেছে বাংলাদেশ রেলওয়ে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ৫০ শতাংশের পরিবর্রতে শতভাগ টিকিট বিক্রি করা হবে।
রেলের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার সাহাদাসত আলী গণমাধ্যমকে জানান, আগামী ১১ আগস্ট থেকে ৫০ শতাংশ নয়, টিকিট বিক্রি হবে শতভাগ।
রেলের অতিরিক্ত মহাপরিচালক আরও জানান, অনলাইনে বিক্রি হবে ৫০ শতাংশ ও কাউন্টারে বিক্রি হবে ৫০ শতাংশ টিকিট। সেই সঙ্গে সোমবার সকাল থেকে খুলে দেয়া হচ্ছে কাউন্টারগুলো।
তিনি জানান, ১১ আগস্ট থেক ৩৮ জোড়া আন্তঃনগর ও ১৯ জোড়া মেইল কমিউটার চলাচল শুরু করবে।
এর আগে দুপুরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, ১০ আগস্টের পর সবকিছু ধাপে ধাপে খুলবে। এ বিষয়ে প্রধানমন্ত্রী চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন।