অবৈধ সম্পদ অর্জনের মামলায় কারা অধিদপ্তরের উপ-মহাপরিদর্শক- ডিআইজি প্রিজনস বজলুর রশীদের বিরুদ্ধে মামলার বাদী দুদকের উপ পরিচালক মোঃ সালাহউদ্দিন অসুস্থ থাকায় সাক্ষ্যগ্রহণ পিছিয়ে ৪ ফেব্রুয়ারি ঠিক করেছেন আদালত।
বৃহস্পতিবার (৭ জানুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মো. ইকবাল হোসেন নতুন এ তারিখ ঠিক করেন।
এ মামলায় ডিআইজি বজলুর রশিদের বিরুদ্ধে ২২ অক্টোবর অভিযোগ গঠন করে আদালত। একই সাথে ২২ নভেম্বর সাক্ষ্যগ্রহণের দিন ঠিক করেন বিচারক। ওই দিন মামলার বাদী দুদকের উপ পরিচালক মোঃ সালাহউদ্দিন সাক্ষ্য দেয়ার পরে আংশিক জেরা করেন। পরে অসমাপ্ত জেরা শেষ করতে ৭ জানুয়ারি ঠিক করেন বিচারক। তবে এদিন তিনি অসুস্থ থাকায় তারিখ পিছিয়ে ৪ ফেব্রুয়ারি ঠিক করেন আদালত। এ মামলায় দুদকের পক্ষে মোট ১৬ জনকে সাক্ষি করা হয়েছে।
এর আগে, গত ২৬ আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালতে চার্জশিটটি জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক নাসির উদ্দিন।
উল্লেখ্য, রাজধানীর সিদ্ধেশ্বরী রোডের রূপায়ন হাউজিং স্টেট প্রকল্পে অ্যাপার্টমেন্টের মূল্য বাবদ ৩ কোটি ৮ লাখ টাকা পরিশোধ করেন বজলুর রশিদ। পরিশোধিত টাকার বৈধ কোন উৎস দেখাতে না পারায় তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পত্র দেয় দুদক। এর আগে গত ২০ অক্টোবর দুদকের কার্যালয়ে জিজ্ঞাসাবাদের পর বজলুর রশিদকে গ্রেপ্তার করে সংস্থাটি।