বাংলাদেশের প্রধান তিন রাজনৈতিক দল আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টিকে দেওয়া চিঠি তফসিল ঘোষণায় কোনো প্রভাব পড়বে না বলে সাফ জানিয়ে দিয়েছেন নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম। মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুর ২টায় নির্বাচন ভবনের নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
ভোট পিছিয়ে সংলাপের জন্য চিঠি পাঠিয়েছে ডোনাল্ড লু- এ বিষয়ে ইসি কনসার্ন কি? তফসিলে প্রভাব পড়বে কি? এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, অবশ্যই না। ডোনাল্ড লুর চিঠি সংলাপের কি না এই বিষয়ে কমিশন অবগত নয়। কমিশন তার নিজস্ব গতিতে সাংবিধানিক আলোকে যেভাবে রোডম্যাপ প্রস্তুত করেছে সেইভাবে কাজ করবে।
জাহাংগীর আলম বলেন, কবে-কখন-কীভাবে তফসিল ঘোষিত হবে, তা আগামীকাল (বুধবার) সকাল ১০টায় ব্রিফিংয়ের মাধ্যমে জানিয়ে দেব। নভেম্বরের প্রথমার্ধে তফসিল দেওয়ার কথা ইতোমধ্যে কমিশন জানিয়ে আসছে। সেক্ষেত্রে ১৫ নভেম্বর বুধবারই তফসিল ঘোষণা করা হবে কি না জানতে চাইলে সচিব বলেন, সবকিছুর বিষয়ে বুধবার জানিয়ে দেব।
প্রতিটি জাতীয় সংসদ নির্বাচনের তফসিল প্রধান নির্বাচন কমিশন জাতির উদ্দেশ্যে ভাষণের মাধ্যমে জনসাধারণকে অবহিত করেন। এবারও সে রেওয়াজ অব্যাহত থাকবে। অতীতে সব নির্বাচনে নির্বাচন কমিশন থেকে সিইসির ভাষণ রেকর্ড করে তা বিটিভি ও বেতারে সন্ধ্যায় সম্প্রচার করা হতো।
এবার তফসিল সংক্রান্ত সিইসির ভাষণ সন্ধ্যায় ‘লাইভ সম্প্রচার হবে’ কি না জানতে চাইলে ইসি সচিব বলেন, এ বিষয়টি সত্যিকার অর্থে আমার ওপর বিশ্বাস রাখেন, কাল সকাল ১০টায় জানিয়ে দেব।