মোঃ সাইফুল ইসলাম ,সাভার (ঢাকা)থেকেঃ ঢাকা-আরিচা মহাসড়কের সাভারে দ্রুতগামী কাভার্ড ভ্যানের ধাক্কায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে হেলপার নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ১০ যাত্রী।
রোববার (২৭ জুন) সকাল সাড়ে ৯ টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেটের সামনে এই দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে হতাহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেছে সাভার হাইওয়ে থানার পুলিশ।
সাভার হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহিম বলেন, ঢাকাগামী মৌমিতা পরিবহনের বাসটিকে পিছনে থাকা কাভার্ড ভ্যান ধাক্কা দেয়। এ সময় মহাসড়কে বাসটি উল্টে গিয়ে চাপা পড়ে হেলপার নিহত হয়। তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
তিনি আরও জানান, এ ঘটনায় বাস ও কাভার্ড ভ্যান জব্দ করা হলেও চালকরা পালিয়ে গেছে। এদিকে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে ।