হবিগঞ্জের মাধবপুরে কুকুরের দেয়া সন্ধানে তরুণীর মরদেহ মিললেও ১১ দিনেও মিলেনি ওই হতভাগা তরুণীর পরিচয়। যদিও পরিচয় শনাক্তে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম। এরই মধ্যে ওই তরুণীর ডিএনএসহ বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে।
পুলিশ জানায়, গত ১১ মার্চ উপজেলার খুরধর বিল এলাকা থেকে গর্তে লুকিয়ে রাখা অজ্ঞাত এক তরুণীর বস্তাবন্দি মরদেহ দেখতে পান স্থানীয়রা। এ সময় তারা দেখতে পান কয়েকটি কুকুর গর্তের ভেতর থেকে একটি বস্তা টেনে হ্যাঁচড়ে বের করছে। পরে তারা কাছে গিয়ে দেখেন ওই বস্তার মধ্যে একটি মরদেহ রয়েছে। তাৎক্ষণিক বিষয়টি পুলিশকে জানালে মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, ওই তরুণীর পরিচয় শনাক্তে মাঠে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম। এরইমধ্যে ডিএনএসহ সংগ্রহ করা হয়েছে বিভিন্ন আলামত। পরিচয় পাওয়া গেলে হয়তো এ ঘটনার মূল কারণ জানা যেত। তবে দ্রুত এ ঘটনার ক্লু উদঘাটন করা হবে বলেও জানান তিনি।