সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক তালেবানকে ‘জঙ্গি সংগঠন’ আখ্যা দিয়ে তাদের প্ল্যাটফর্মে নিষিদ্ধ করেছে। একইসঙ্গে তালেবানকে সমর্থন ও প্রশংসা করে পোস্টও নিষিদ্ধ করা হয়েছে।
ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, তালেবান বিষয়ক পোস্ট দেখভাল ও তা মুছে ফেলতে ইতোমধ্যেই তারা আফগান বিশেষজ্ঞদের নিয়োগ দিয়েছে।
বিবিসির খবরে বলা হয়, ফেসবুকের এই নীতি ইন্সটাগ্রাম ও হোয়াটসঅ্যাপের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।তালেবানরা যোগাযোগের জন্য হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকে।
ফেসবুক কর্তৃপক্ষ আরও জানিয়েছে,তারা যদি হোয়াটসঅ্যাপে তালেবানের সঙ্গে সংযুক্ত কোনো অ্যাকাউন্ট দেখতে পায়, তাহলে তারা ব্যবস্থা নেবে। এদিকে টুইটার ও ইউটিউব এখন পর্যন্ত তালেবানের বিষয়ে কোনও ব্যবস্থা না নেয়ায় সমালোচনার মুখে পড়েছে।