বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে চুক্তি অনুযায়ী তিন ফরম্যাটেই খেলবেন বলে জানিয়েছেন দেশসেরা ক্রিকেটার সাকিব আল হাসান। শনিবার (১২ মার্চ) দুপুরে মিরপুরে বিসিবি কার্যালয়ে বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এই কথা জানান তিনি।
সাকিব বলেন, পাপন ভাইয়ের সঙ্গে পরশু রাতেও কথা হয়েছে আমার। আজও কথা হয়েছে। যেহেতু আমি তিন ফরম্যাটেই আছি। তাই তিন ফরম্যাটেই সবসময় এভেইলেবল থাকব। বোর্ড সিদ্ধান্ত নেবে কখন আমাকে বিশ্রাম দেওয়া দরকার।
কিছুদিন আগে বিসিবিকে চিঠি দেন সাকিব। তাতে জানান, আগামী নভেম্বর পর্যন্ত টেস্ট খেলতে চান না তিনি।
এরপর আইপিএলে দল না পাওয়ায় হুট করে দক্ষিণ আফ্রিকা সফরে যেতে রাজি হন সাকিব। তবে পরে আবার না করে দেন। সার্বিক বিবেচনায় তাকে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত বিশ্রাম দেয় বিসিবি।