লালমনিরহাট; লালমনিরহাটের হাতীবান্ধায় তিন সন্তানের জননীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় রবিবার দুপুরে ধর্ষক আলমগীর হোসেন হৃদয়কে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত হৃদয় উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের পশ্চিম বেজগ্রাম মনোয়ার হোসেনের ছেলে। এছাড়া সে হাতীবান্ধা সরকারি আলিমুদ্দিন কলেজের উচ্চ মাধ্যমিক ২য় বর্ষের শিক্ষার্থী।
ভুক্তভোগী ওই গৃহবধূ বলেন, হৃদয় আমাকে দীর্ঘদিন ধরে কু-প্রস্তাব দিয়ে আসছিলো। এতে আমি রাজি না হওয়ায় ১৪ অক্টোবর আমাকে ধর্ষণ করে। এতে বাধা দিলে আমাকে ও আমার সন্তানদের মেরে ফেলার হুমকি দেয়।
ভুক্তভোগী ওই গৃহবধূর স্বামী বলেন, আমি বাড়িতে প্রবেশ করলে হৃদয় আমার ঘর থেকে বেরিয়ে পালিয়ে যায়। এ নিয়ে আমার স্ত্রীকে প্রশ্ন করলে সে জানায়, হৃদয় তাকে ধর্ষণ করেছে। বাধা দিতে গেলে হৃদয় স্ত্রী-সন্তানদের মেরে ফেলার হুমকি দেয়। তিনি আরও বলেন, বিষয়টি নিয়ে স্থানীয়রা আপোষ মীমাংসার চেষ্টা করছে। এছাড়া বিভিন্ন ভাবে আমাকে ও পরিবারকে হুমকি দিচ্ছে।
এ বিষয়ে হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ (ওসি) এরশাদুল আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অভিযুক্ত ধর্ষক হ্নদয়কে আজ দুপুরে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।