মিয়ানমারের সামরিক বাহিনীর নৃশংসতার প্রতিবাদে তাদের একটি তল্লাশি চৌকিতে হামলা চালায় বিদ্রোহী কারেন ন্যাশনাল ইউনিয়ন (কেএনইউ) গোষ্ঠী। সেই হামলার প্রতিবাদে থাইল্যান্ডের সীমান্তবর্তী গ্রামে মিয়ানমার সামরিক বাহিনী পাল্টা বিমান হামলা চালিয়েছে। খবর রয়টার্স।
কারেন ন্যাশনাল ইউনিয়ন (কেএনইউ) বর্তমানে দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলের নিয়ন্ত্রণ করছে। এই গোষ্ঠীর এক মুখপাত্র জানায়, কারেন বিদ্রোহী নিয়ন্ত্রণাধীন পাপুন জেলার ডে পু নো এলাকায় শনিবার স্থানীয় সময় রাত ৮টার দিকে যুদ্ধবিমান থেকে হামলা চালিয়েছে সামরিক বাহিনী। এতে দু’জন নিহত ও আরও দু’জন আহত হয়েছেন।
এদিকে, মিয়ানমারে চলমান জান্তা সরকার বিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে একদিনে সবচেয়ে বেশি প্রাণনাশের ঘটনা ঘটেছে। এদিন দেশটিতে ১১৪ জন বিক্ষোভকারী নিহত হয়েছেন।সেনা অভ্যুত্থানের পর থেকে দেশটিতে এ নিয়ে মোট ৪৪০ জনের বেশি নিহত হয়েছেন।