দিনাজপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন, যাদের মধ্যে ২১ জনকে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (৬ জুন) রাত ৮টার দিকে সদর উপজেলার ব্যাঙকালী নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজনের নাম আব্দুর রহিম (৪০)। তিনি পঞ্চগড় জেলার সদর উপজেলা হাফিজাবাদ ইউনিয়নের প্রধানপাড়া গ্রামের বাসিন্দা। নিহত অপরজনের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া সম্ভব হয়নি। দিনাজপুর কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাতে আহসান পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৪-৯১৮৯) পঞ্চগড় থেকে ঢাকা যাচ্ছিল। পথিমধ্যে ব্যাঙকালী নামক এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা দেয় এবং ব্রিজের র্যালিংয়ে গিয়ে আটকে যায়। পরে স্থানীয়রা বিষয়টি ফায়ার সার্ভিসকে অবহিত করলে দিনাজপুর থেকে এবং সৈয়দপুর থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে হতাহতদের উদ্ধার করে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। হাসপাতালে নিয়ে আসার পর দুইজনকে মৃত ঘোষণা করে কর্তব্যরত চিকিৎসক। আহত ২১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার মাসুদ আলম জানান, হাসপাতালে আসার আগেই তাদের মৃত্যু হয়েছে।