শেরপুরে দুই সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আকলিমা ওরফে শেফালি নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় আরো দুইজন আহত হয়েছেন।
বুধবার (২৫ নভেম্বর) দুপুরে, উপজেলার বাজিতখিলা সুলতানপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধা নালিতাবাড়ী উপজেলার সিধুলী গ্রামের মৃত নূর ইসলামের স্ত্রী।
পুলিশ জানায়, শেফালী বেগম নিজ বাড়ি থেকে শেরপুর জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন এক আত্মীয়কে দেখতে সিএনজি অটোরিকশাযোগে হাসপাতালে আসছিলেন। এসময় সুলতানপুর নামক স্থানে আসলে আরেক অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শেফালী বেগমের মৃত্যু হয়। এসময় আহত হয় দুইজন যাত্রী। পরে স্থানীয়দের সহযোগীতায় আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে রানী বেগম নামে একজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।