নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় গাঁওকান্দিয়া ইউনিয়নে গত ঈদুল ফিতর উপলক্ষে সরকারের বরাদ্দ ভিজিএফের আওতায় জনপ্রতি ৪৫০ টাকা প্রদান করা হলেও ওই ইউনিয়নের ৭৩ জনের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন মোতালেবের বিরুদ্ধে।
সরেজমিনে গিয়ে জানা গেছে, গত মে মাসের শেষের দিকে সংশ্লিষ্ট ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. উজ্জ্বল সরকার ৭৩ জনের টাকা আত্মসাৎ হয়েছে এমন খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন।
তাতে উল্লেখ আছে, ঈদুল ফিতর উপলক্ষে ওই ইউনিয়নের এক হাজার ৫৫০ জনের জনপ্রতি ৪৫০ টাকা করে সরকারি বরাদ্দ আসে। ওই টাকা বিতরণের সময় বরাদ্দকৃতদের নামের বিপরীতে ভুয়া টিপসই দেখিয়ে ৭৩ জনের টাকা উত্তোলন করেন ইউপি চেয়ারম্যান।
এরই প্রেক্ষিতে উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাহবুবুর রহমানকে আহবায়ক করে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা-তুজ জহুরা, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা সুবল রঞ্জন কর ও একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিনকে সদস্য করে চার সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। ইতোমধ্যে তদন্ত কমিটি টাকা আত্মসাতের তদন্ত শেষ করেছে।
তদন্ত কমিটির আহবায়ক মো. মাহবুবুর রহমান শনিবার দুপুরে সাংবাদিকদের জানান, ইউনিয়ন পরিষদের মাস্টাররোলের কর্মীসহ উপস্থিত অনেকের বক্তব্য শুনেছি। এতে আত্মসাতের বিষয়ে সত্যতা পেলেও আঙ্গুলের ছাপ যাচাই-বাছাইয়ের পর প্রতিবেদন ইউএনওর কাছে জমা দেয়া হবে।
ইউপি চেয়ারম্যান আব্দুল মোতালেব যোগাযোগ করা হলে তিনি বলেন, যা শুনেছেন বিষয়টি এমন নয়, তবে তদন্ত চলছে, প্রতিবেদন পেলেই বুঝতে পারবেন কি ঘটেছে।
এ নিয়ে উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রাজীব উল আহসান বলেন, অভিযোগ পেয়ে কৃষি কর্মকর্তাকে আহব্বায়ক করে বিষয়টি তদন্তের জন্যে দায়িত্ব দেয়া হয়েছে। প্রতিবেদন পেলে সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে তিনি জানান।