টিকাপ্রাপ্তি নিয়ে দুশ্চিন্তা কমছে। ধীরে ধীরে খুলছে, সব গিট। দ্বিতীয় চালানে আরও ২০ লাখ চীনের টিকা দেশে এসেছে। উপহারের ভ্যাকসিন মিলিয়ে দেশটি থেকে টিকা এলো ৫১ লাখ। স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, টিকা সংরক্ষণেও পর্যাপ্ত ব্যবস্থা তৈরি করেছে সরকার।
গণটিকা কার্যক্রম চালাতে চীনের কাছ থেকে দেড় কোটি ডোজ ভ্যাকসিন কেনার চুক্তি করেছে সরকার। এর আওতায় শনিবার (১৭ জুলাই) রাত ও রোববার (১৮ জুলাই) ভোরে দ্বিতীয় চালানে এলো সিনোফার্মের ২০ লাখ টিকা।
কার্গো বিমানে আসা এ চালান গ্রহণ করেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা। জানান, জেলা ও উপজেলা পর্যায়ে গণটিকা কার্যক্রমে ব্যবহৃত হবে এটি।
এর আগে জুলাইয়ের প্রথম সপ্তাহে আসে ২০ লাখ টিকা। উপহার হিসেবে ১১ লাখ ডোজ দেয় চীন। এছাড়া, শনিবার চীনের উপরাষ্ট্রদূত জানিয়েছেন উপহারের আরও ১০ লাখ টিকা পাঠাতে প্রস্তুত দেশটি।