দেশে এখন যুবকের সংখ্যা পাঁচ কোটি ৩০ লাখ। এদের মধ্যে ৬৫ লাখ সরকারিভাবে প্রশিক্ষিত। তাদের অনেকেই এখন চাকরি করছেন বা নিজ উদ্যোগে ব্যবসা করছেন। তবে দেশে এখন বেকারের সংখ্যা কত, সেই হিসাব নেই যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে।
জাতীয় যুবদিবস ২০২২ উপলক্ষে সচিবালয়ে এক প্রেস কনফারেন্সে এসব তথ্য জানান যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিন। তিনি জানান, আগামীকাল মঙ্গলবার ১ নভেম্বর জাতীয় যুবদিবস পালিত হবে সারাদেশে। দক্ষ জনগোষ্ঠী তৈরি করতে প্রশিক্ষণের মাধ্যমে যুবসমাজ গড়ে তোলার লক্ষ্য নিয়ে ‘প্রশিক্ষিত যুব, উন্নত দেশ’ এই স্লোগানে এবার জাতীয় যুবদিবস পালিত হবে।
সচিব আরও জানান, আত্মকর্মসংস্হানে কাজ করে ভালো করার জন্য এ বছর যুবদিবসে ২১ জনকে পুরস্কার দেওয়া হবে। এর মধ্যে ছয় জন রয়েছেন যুব সংগঠক।