আওয়ামী লীগের পক্ষ থেকে বাংলাদেশকে সিঙ্গাপুর বানানোর কথা বলা হলেও দেশ এখন আজিমপুরের কাছাকাছি। দেশের সর্বস্তরের জনগণ সরকারের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার জন্য অপেক্ষা করছে। আগামীতে বাংলাদেশে যা ঘটবে তারপর পৃথিবীর মানুষ শ্রীলঙ্কার কথা ভুলে যাবে।
বৃহস্পতিবার (২১ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদ সভায় এমন মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে আওয়ামী লীগ নেতার কটূক্তির প্রতিবাদে এ সভার আয়োজন করা হয়।
দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে দলের এ নেতা বলেন, সরকার বিদ্যুৎ গ্যাস ও পানির দাম বাড়াচ্ছে। এর প্রতিবাদ যাতে না করে এজন্য বিএনপি নেতাদের আওয়ামী লীগ গালি দেয়। এজন্য খালেদা জিয়া, তারেক রহমানসহ বিএনপির সব নেতাকে তারা গালি দেবে। কিন্তু আমাদের সিদ্ধান্ত নিতে হবে, গালি যাই দেওয়া হোক তা গায়ে লাগানো যাবে না।
আওয়ামী লীগকে উদ্দেশ্য করে গয়েশ্বর চন্দ্র বলেন, লাখো জনতা নয়, কোটি জনতা অপেক্ষা করছে প্রতিশোধ নেওয়ার জন্য।
আওয়ামী লীগ নেতাদের ক্ষমতার বাঘ উল্লেখ করে তিনি বলেন, ওরা ক্ষমতার বাঘ। আর ক্ষমতা না থাকলে বিড়ালের চেয়েও অধম।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে গয়েশ্বর চন্দ্র বলেন, যে শক্তির জোরে আওয়ামী লীগ নেতারা কথা বলেন, সেটা হলো অবৈধ ক্ষমতা।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘শ্রীলঙ্কায় রাজাপাকসে একাই দেশ ত্যাগ করেছে। আমাদের এখানে কেউ একা দেশ ত্যাগ করবে না । তাদের (সরকার) ওপর থেকে নিচে সবাই দেশ ত্যাগ করবে।’
তিনি বলেন, শ্রীলঙ্কার ঘটনা বাংলাদেশে ঘটবে এটা বলছি না। বাংলাদেশে যা ঘটবে তখন পৃথিবীর মানুষ বলবে যে, বাংলাদেশের মতো ঘটনা ঘটবে (উদাহরণ হিসেবে)। শ্রীলঙ্কার ঘটনা সবাই ভুলে যাবে। কারণ অনেক মিথ্যা প্রতিশ্রুতি এ সরকার দিয়েছে। সর্বপ্রথম তিনি বললেন-এ দেশকে সিঙ্গাপুর বানাবে। এখন বাংলাদেশ আজিমপুরের কাছাকাছি।
নির্বাচন কমিশন নিয়ে বিএনপি নেতা বলেন, নির্বাচন কমিশন নিয়ে আমরা কেন কথা বলি। আমরা তো নির্বাচনে যাবো না। নির্বাচন কমিশন যা কিছু বলে বলুক।
তিনি বলেন, আমরা যদি তলোয়ার আর রাইফেল হাতে নি, তাহলে নির্বাচনের দিন পর্যন্ত অপেক্ষা করবো কেন। তার আগে বিদায় করবো।
নির্বাচন কমিশনের সমালোচনা করে বিএনপির এ নেতা বলেন, সাংবিধানিক পদে থেকে সন্ত্রাসকে উস্কানি দিচ্ছেন তারা। জনগণের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছেন।
সভায় আরও বক্তব্য দেন বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম, বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনসহ স্বেচ্ছাসেবক দলের নেতারা।