ফেনীতে চালের খুদ ও ধানের কুঁড়ায় ক্ষতিকর রাসায়নিক রং দিয়ে তৈরি হচ্ছে হলুদ-মরিচসহ বিভিন্ন মসলা দিয়ে তৈরি দেড় হাজার কেজি ভেজাল মসলাসহ মো. সাঈদ হোসেন (৩৫) নামে এক ব্যবসায়ীকে আটক করে র্যাব।
বুধবার (৫ এপ্রিল) রাতে শহরের তাকিয়া রোডের রামপুর শিশু একাডেমির পাশে বিসমিল্লাহ মিলে অভিযান চালান র্যাব-৭ এর ফেনী ক্যাম্পের সদস্যরা।
আটক মো. সাঈদ হোসেন ফেনীর সোনাগাজী থানার সাড়াইত কান্দি গ্রামের মৃত আবদুর রউফের ছেলে।
র্যাব জানায়, ফেনী ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কয়েক ব্যক্তি ফেনী শহরের তাকিয়া রোডের রামপুর শিশু একাডেমির পাশে বিসমিল্লাহ মিলের ভেতর ভেজাল মসলা তৈরি করছে। এরপর একটি আভিযানিক দল রাত ১২টার দিকে সেখানে অভিযান চালায়।
এ সময় তাদের দেখে এক ব্যক্তি কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র্যাব সদস্যরা তাকে আটক করেন। পরে তাকে জিজ্ঞাসাবাদের পর মিল ঘরের ভেতর তল্লাশি করে ৩২টি সাদা প্লাস্টিকের বস্তায় রং ও খুদ মেশানো ভেজাল হলুদ-মরিচের গুঁড়া, সর্বমোট দেড় হাজার কেজি ভেজাল মসলা উদ্ধার করা হয়।
আটক মো. সাঈদ হোসেনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দীর্ঘদিন ধরে অসৎ উপায় অবলম্বন করে বিভিন্ন মসলাসহ হলুদ-মরিচের গুঁড়ার সঙ্গে চালের ভাঙা খুদ, কুড়া ও বিভিন্ন রাসায়নিক পদার্থ মিশিয়ে ভেজাল মসলা তৈরি করে আসছিল।
র্যাব-৭ এর ফেনী ক্যাম্পের কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাদেকুল ইসলাম জানান, আটক আসামি ও উদ্ধার ভেজাল মসলা সংক্রান্ত বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নোট বৃহস্পতিবার (৬ এপ্রিল) ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন বলেন, আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।