জমি নিয়ে বিরোধের জেরে মা-মেয়েকে কুপিয়ে জখম করার অভিযোগ প্রতিবেশী দুই ভাইয়ের বিরুদ্ধে।
ভোলার দৌলতখানে সৈয়য়দপুর ইউনিয়নে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে মা-মেয়েকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে লিটন ও বাবলু নামে দুই ভাইয়ের বিরুদ্ধে। অভিযুক্ত দু’ভাই একই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোঃ মোতাহার মহাজনের ছেলে। বর্তমানে আহত শাহিনুর বেগম ও তার মেয়ে লিপা দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
আহত শাহিনুর বেগম বৃহস্পতিবার বিকেলে সাংবাদিকদের জানান, প্রতিবেশী লিটনের সাথে ১২ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছিলো। বুধবার অভিযুক্ত লিটন ও বাবুল দুই ভাই ওই জমি তাদের দাবি করে দখল করার চেষ্টা করে। এ সময় বাধা দিতে গেলে তার ধারালো দা দিয়ে কুপিয়ে জখম করে।
পরে, স্থানীয়রা তাদের দু’জনকে উদ্ধার করে দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে বলেও জানান আহত শাহিনুর বেগম।
তবে, অভিযুক্ত লিটনের পিতা মোতাহার মহাজন এসব অভিযোগ অস্বীকার করে জানান, তাদের কেউ ওইদিন বাড়িতে ছিলেন না।
দৌলতখান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান জানান, এ ঘটনায় আহত ওই নারীর পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।