ক্যান্ডির পাল্লেকেলেতে শুরু হয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা ও বাংলাদেশের মধ্যকার দ্বিতীয় টেস্ট। সকালে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা। ব্যাট হাতে শুরুটা ভালোই করেছে লঙ্কান ওপেনাররা।
প্রতিবেদন লেখার সময় শ্রীলঙ্কার সংগ্রহ বিনা উইকেটে ৪৫ রান। দিমুথ করুণারত্নে ২৪ ও লাহিরু থিরিমান্নে ১৯ ব্যাট করছেন। চার বোলার ব্যবহার করে এখনো উইকেটের দেখা পাননি মুুমিনুল হক।
এ ম্যাচের মধ্য দিয়ে টেস্টে অভিষেক হচ্ছে বাংলাদেশের তরুণ বাঁহাতি পেসার শরিফুল ইসলামের। প্রথম টেস্টের একাদশ থেকে বাদ পড়েছেন এবাদত হোসেন।
একই মাঠে দুদলের মধ্যকার প্রথম টেস্টটি ড্র হয়েছিল। তবে দ্বিতীয় টেস্টটি হচ্ছে ভিন্ন পিচে। প্রথম ম্যাচে উইকেট ছিল ব্যাটিং সহায়ক। ম্যাচে রান হয়েছে ১২৮৯। আর ৭৫.৮২ গড়ে উইকেট পড়েছে ১৭টি। সেই উইকেটকে নিম্নমানের বলে উল্লেখ করেছে আইসিসি।