তথ্যচিত্রের পোস্টারে কালীকে অপমানের অভিযোগ উঠেছে ডকুমেন্টারি ফিল্মমেকার লীনা মণিমেকালাইয়ের বিরুদ্ধে। পোস্টারে দেখা যায় এক নারী ধূমপান করছেন! আর সেই পোস্টার ঘিরেই নিন্দার ঝড় উঠে সোশ্যাল মিডিয়ায়। এমনকি শিল্পের নামে ধর্মীয় অনুভূতিতে আঘাতের বিষয়ের মতোও প্রশ্ন তুলেছেন অনেকে।
পরিচালক লীনার পোস্টারে সাধারণত দেখা যায়, কালী ধূমপান করছেন। এমনকি সমকামী পাতাকাও ব্যবহার করা হয়েছে পোস্টারে। যা কালী নিজ হাতে ধরে আছেন। আর এই কাণ্ডে হিন্দু দেবীর সম্মানহানির জন্য গৌ মহাসভার প্রধান অজয় গৌতম ইতোমধ্যে পরিচালকের বিরুদ্ধে দিল্লি পুলিশ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর অভিযোগও জানিয়েছেন।
নতুন খবর হচ্ছে, কালী তথ্যচিত্রের বিতর্কিত পোস্টারের বিষয়ে এবার বসিরহাটের তৃণমূল সংসদ সদস্য ও টালিউড অভিনেত্রী নুসরাত জাহান কথা বলেছেন। হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, নুসরাতের বক্তব্য—কখনোই ধর্মীয় অনুভূতিতে আঘাত করা উচিত নয়।
এদিকে পরিচালক লীনা তামিলনাড়ুর মাদুরাইয়ের মেয়ে। তিনি বর্তমানে কানাডার টরন্টোতে আছেন। সম্প্রতি তিনি তথ্যচিত্রের পোস্টারটি পোস্ট করার পাশাপাশি লিখেছিলেন, ‘কানাডা ফিল্ম ফেস্টিভ্যালে আমার ডকুমেন্টারি কালী প্রদর্শন করা উচ্ছ্বসিত আমি।’
এরপরই পরিচালকের থিম নিয়ে নানা সমালোচনা শুরু হয়। যদিও সমালোচনাকে পাত্তা দিতে রাজি নন তিনি। তাই তো টুইটে লিখেছেন, আমার হারানোর কিছু নেই। যে কণ্ঠস্বর নির্ভয়ে কথা বলতে পারে, সব সময় আমি তার পক্ষে। এ জন্য যদি আমাকে জীবনও দিতে হয়, আমি দেব।